আহনাফ হোসাইন
যুক্তরাজ্য প্রবাসী
প্রশ্ন: ইউকেতে মুসলমানদের অনেক রেস্টুরেন্টে মদ বিক্রি বা সংরক্ষণ হারাম হওয়ার কারণে তা করে না। তবে কিছু রেস্টুরেন্টে কাস্টমার নিজে সঙ্গে করে মদ আনলে তারা গ্লাস সরবরাহ করে। এই ধরনের ব্যবসা কি হালাল হবে?
জবাব: ইসলামী শরীআতের বিধান অনুযায়ী হালাল রেস্টুরেন্টে কোনো কাস্টমার বাইরে থেকে নিজে মদ (অ্যালকোহল) নিয়ে আসলে তাকে তা পানের জন্য গ্লাস বা অন্য কোনো সরঞ্জাম সরবরাহ করা জায়িয নয়। এর পেছনে যেসকল কারণ রয়েছে, তা হলো-
১. গুনাহের কাজে সহযোগিতা করা
ইসলামে অন্যায় বা পাপের কাজে যেকোনো ধরনের সহযোগিতা করা নিষিদ্ধ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ
-তোমরা সততা ও তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না। (সূরা মায়িদাহ, আয়াত-২)
মদ পানের জন্য গ্লাস বা বরফ সরবরাহ করা সরাসরি সেই গুনাহের কাজে সাহায্য করার শামিল।
২. মদের সাথে জড়িত সকলের উপর রাসূলুল্লাহ (সা.) এর লানত সুনান আত তিরমিযী কিতাবে বর্ণিত হাদীসে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمِنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَاةَ لَهُ.
-হযরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) মদের ব্যাপারে ১০ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে মদ মদ চিপে চিপে (তৈরি করে), যার জন্য চিপা হয়, যে তা পান করে, যে তা বহন করে নিয়ে যায়, যার কাছে বহন করে নেওয়া হয়, যে তা পরিবেশন করে, যে তা বিক্রি করে, যে তার মূল্য ভোগ করে, যে তা ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয়। (জামে আত তিরমিযী, হাদীস-১২৯৫)
এখানে মদ পরিবেশনকারী বা মদ পানে সহায়তাকারীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কাস্টমার নিজে মদ আনলেও তাকে গ্লাস দেওয়া বা তা পানের ব্যবস্থা করে দেওয়া পরিবেশন ও সহযোগিতার আওতাভুক্ত।
তাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের জন্য করণীয়-
১. নীতিমালা স্পষ্ট করা: রেস্টুরেন্টে স্পষ্ট নোটিশ বা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া উচিত যে, বাইরে থেকে কোনো ধরনের মাদক বা অ্যালকোহলযুক্ত পানীয় ভেতরে আনা এবং পান করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. কাস্টমারের আবেদন বিনয়ের সাথে প্রত্যাখ্যান করা: কোনো কাস্টমার এমনটা করতে চাইলে তাকে রেস্টুরেন্টের হালাল নীতিমালার কথা বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে এবং গ্লাস দিতে অস্বীকৃতি জানাতে হবে।
সর্বোপরি ব্যবসায় বরকত এবং উপার্জনকে সম্পূর্ণ হালাল রাখার জন্য মদের মতো হারাম বিষয় থেকে রেস্টুরেন্টকে সম্পূর্ণ মুক্ত রাখা আবশ্যক।

