Logo
হজ্জ: মুসলমানের বৈশ্বিক হয়ে ওঠার অভিযাত্রা
মুহাম্মাদ হোসাইন
  • ৮ মে, ২০২৬

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্জ (حج) একটি মৌলিক ইবাদত। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি বহুমাত্রিক সামাজিক, আধ্যাত্মিক ও দার্শনিক অভিযাত্রা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান নির্দিষ্ট সময়ে মক্কায় সমবেত হন, যা মানব ইতিহাসে অন্যতম বৃহত্তম নিয়মিত সমাবেশ।

ইসলামে عبادة ধারণাটি কেবল আনুষ্ঠানিক উপাসনা ময়; বরং এটি মানুষের সার্বিক জীবনব্যবস্থাকে আল্লাহর প্রতি আনুগত্যে নিবেদিত করার একটি সামগ্রিক প্রক্রিয়া। এই দৃষ্টিকোণ থেকে হজ্জ একটি সমন্বিত ইবাদত, যা দেহ, মন, সম্পদ এবং সময়—এই চারটি মৌলিক উপাদানের সমন্বয়ে সম্পন্ন হয়।

হজ্জের মৌলিক আচারসমূহ—ইহরাম ধারণ, তাওয়াফ, সাঈ, আরাফাতে অবস্থান, মুযদালিফা ও মিনায় রাত্রিযাপন, কুরবানি ইত্যাদি—প্রতিটি ধাপই প্রতীকী অর্থে সমৃদ্ধ। এহরাম মানুষের সামাজিক পরিচয়, অর্থনৈতিক বৈষম্য এবং বাহ্যিক পার্থক্যকে বিলুপ্ত করে একটি মৌলিক মানবিক সমতার ঘোষণা দেয়। তাওয়াফের মাধ্যমে আল্লাহকে কেন্দ্র করে জীবনের আবর্তনের প্রতীকী চিত্র ফুটে ওঠে। আরাফাতে অবস্থান হচ্ছে হজ্জের ভিত্তি, যেখানে মানবজাতির শেষ বিচারের দিনের প্রতীকী অনুশীলন ঘটে।

ধর্মতাত্ত্বিকভাবে হজ্জ মানুষের আত্মশুদ্ধি (تزكية) এবং তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে ব্যক্তি তার অতীত জীবনের ভুলত্রুটি থেকে তওবা করে এবং নতুনভাবে জীবন শুরু করার অঙ্গীকার করে। ফলে হজ্জ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি একটি রূপান্তরমূলক (transformative) আধ্যাত্মিক অভিজ্ঞতা।

ইসলামে সমবেত ইবাদতের একটি ধাপভিত্তিক কাঠামো লক্ষ্য করা যায়, যা ধীরে ধীরে স্থানীয় থেকে বৈশ্বিক পরিসরে বিস্তৃত। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে একটি নির্দিষ্ট এলাকার মুসলমানরা মসজিদে সমবেত হয়। সাপ্তাহিক জুমার নামাজে এই সমাবেশ আরও বিস্তৃত আকার ধারণ করে। বার্ষিক ঈদের জামাতে এটি একটি বৃহত্তর সামাজিক পরিসরে রূপ নেয়, যেখানে শহর বা অঞ্চলের বিপুলসংখ্যক মুসলমান ঈদগাহে একত্রিত হয়।

এই ধারাবাহিকতার সর্বোচ্চ স্তর হলো হজ্জ, যেখানে জাতি, বর্ণ, ভাষা ও সংস্কৃতির পার্থক্য অতিক্রম করে বিশ্বব্যাপী মুসলমানরা একত্রিত হয়। এখানে মুসলমানদের মধ্যে একটি বৈশ্বিক ভ্রাতৃত্ববোধ (الأخوة العالمية) গড়ে ওঠে, যা জাতীয়তাবাদ, বর্ণবাদ বা ভৌগোলিক বিভাজনের ঊর্ধ্বে অবস্থান করে।

সমাজবিজ্ঞানেরন দৃষ্টিকোণ থেকে হজ্জকে একটি “ট্রান্সন্যাশনাল রিলিজিয়াস নেটওয়ার্ক” হিসেবে দেখা যায়, যেখানে ভিন্ন ভিন্ন দেশের মুসলমানরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক মিথস্ক্রিয়া এবং ধর্মীয় ঐক্যের চর্চা করে। এটি মুসলিম উম্মাহর একটি জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে সকলেই একটি অভিন্ন পরিচয়ে পরিচিত হয়– এ পরিচয় হচ্ছে ‘মুসলিম’। এই প্রেক্ষাপটে হজ্জ মুসলমানদের বৈশ্বিকবাদিতা (globalism)-এর একটি শক্তিশালী প্রতিফলন। এটি প্রমাণ করে যে ইসলাম কেবল একটি স্থানীয় বা আঞ্চলিক ধর্ম নয়; বরং এটি একটি বিশ্বজনীন জীবনব্যবস্থা, যা সমগ্র মানবজাতিকে একটি ঐক্যবদ্ধ কাঠামোর মধ্যে দেখতে চায়।

সেলাইবিহীন সাদা দুই খণ্ড কাপড়ের ইহরাম মূলত মানুষের বাহ্যিক অহংকার এবং সামাজিক বিভাজনের চূড়ান্ত বিলোপ ঘটায়। একটি সুসভ্য সমাজে পোশাকই মানুষের আভিজাত্য, সম্পদ এবং পেশাগত পরিচয় বহন করে। ইহরাম গ্রহণের মাধ্যমে একজন মানুষ তার সেই কৃত্রিম পরিচয়গুলোকে ঝেড়ে ফেলে দিয়ে একজন সাধারণ দাসে পরিণত হয়। এই শুভ্র পোশাক মূলত কাফনের কাপড়ের কথা মনে করিয়ে দেয়, যা মানুষকে এই শিক্ষা দেয় যে মৃত্যু পরবর্তী জীবনে কোনো পার্থিব সম্পদ বা রেশমি পোশাক তার সঙ্গী হবে না। এখানে সেলাইবিহীন কাপড়ের সরলতা মানুষের ‘আমিত্ব’-কে চূর্ণ করে তাকে বিনয়ী করে তোলে এবং রবের সামনে নিজেকে রিক্ত ও নিঃস্ব হিসেবে তুলে ধরার এক অনন্য মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করে।

হজের ময়দানে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি মানুষের সমাগম ঘটে, তখন তা এক বৈশ্বিক ভ্রাতৃত্বের জীবন্ত মানচিত্রে পরিণত হয়। জাতি, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক সীমারেখা সেখানে গুরুত্বহীন হয়ে পড়ে। একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ, একজন ইউরোপীয় শ্বেতাঙ্গ এবং একজন এশীয় বাদামি বর্ণের মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করেন, তখন সেখানে কেবল একটিই পরিচয় মুখ্য হয়ে ওঠে—‘মানুষ’। এটি প্রমাণ করে যে মানুষের মূল পরিচয় তার গায়ের রঙ বা ভাষার মধ্যে নয়, বরং তার বিশ্বাস এবং আদর্শের মধ্যে নিহিত। হজের এই মহামিলন বর্ণবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে এক নীরব মহাবিপ্লব, যা বিশ্বমানবতাকে একটি অভিন্ন ও সংহতিপূর্ণ পরিবারের আবহে ঐক্যবদ্ধ করে।

হজের প্রতিটি পর্যায় বা আমল মূলত কোনো না কোনো ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ। সাফা-মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানো কোন শারীরিক কসরত নয়, বরং এটি হযরত হাজেরার (আ.) মাতৃত্বের মমতা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক চরম সংগ্রামের প্রতিফলন। ঠিক একইভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম (আ.)-এর সেই দৃঢ়তাকে স্মরণ করা হয়, যেখানে তিনি শয়তানের প্ররোচনাকে তুচ্ছ জ্ঞান করেছিলেন। আরাফার ময়দানে অবস্থান করা যেন কিয়ামত পরবর্তী হাশরের ময়দানের এক প্রতীকি মহড়া। এই ঐতিহাসিক স্মৃতিগুলো পালনের মাধ্যমে হাজীরা নিজেদের শেকড়ের সাথে সংযুক্ত হন এবং অনুধাবন করেন যে ইসলাম কোনো নতুন মতবাদ নয়, বরং এটি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের এক অবিচ্ছিন্ন এলাহী উত্তরাধিকার।

সামগ্রিকভাবে হজের এই আমলগুলো ব্যক্তির মনস্তত্ত্ব এবং সমষ্টিগত সমাজকাঠামোয় এক গভীর প্রভাব ফেলে। ইহরামের মাধ্যমে যে ত্যাগের সূচনা হয়, বিশ্বজনীন মিলনের মাধ্যমে যা মহিমাময় হয় এবং ঐতিহাসিক আমলের মাধ্যমে যা পূর্ণতা পায়—তা একজন মানুষকে নতুন এক আধ্যাত্মিক সত্তায় রূপান্তরিত করে। এটি মানুষকে শেখায় কীভাবে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর মানবতার কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে বিলীন করে দিতে হয়। হজের প্রতিটি ধাপ তাই আধুনিক মানুষের আত্মকেন্দ্রিকতা ও ভোগবাদী চিন্তার বিপরীতে এক শক্তিশালী নৈতিক ঢাল হিসেবে কাজ করে।

ফেইসবুকে আমরা...