৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ রামাদান সংঘটিত বদর যুদ্ধ ইসলামের প্রারম্ভিক ইতিহাসে একটি কাঠামোগত রূপান্তরের ঘটনা। মদীনাকেন্দ্রিক নবগঠিত মুসলিম রাজনৈতিক সত্তা ও মক্কার কুরাইশ শক্তির মধ্যকার এই সংঘর্ষ কেবল সামরিক লড়াই ছিল না; বরং এটি ছিল আদর্শিক আপোষহীনতা, রাষ্ট্রিক আত্মপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নে একটি নির্ণায়ক মুখোমুখি অবস্থান। কুরআনে এ দিনকে ‘ইয়াওমুল ফুরকান’—সত্য ও অসত্যের পার্থক্য নির্ধারণের দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা যুদ্ধটির ধর্মতাত্ত্বিক তাৎপর্যের ইঙ্গিত করে।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর মদীনায় মুসলিম সমাজ একটি স্বতন্ত্র রাজনৈতিক কাঠামো নির্মাণে অগ্রসর হয়। মদীনা রাষ্ট্রের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সেখানকার বিভিন্ন গোত্রের সাথে অত্যন্ত বিচক্ষণভাবে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হন। এটি মদীনার মুসলমানদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে। এদিক থেকে নিরাপদ হয়ে ক্ষান্ত নয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের উপর চাপ সৃষ্টির কার্যক্রমে মনোনিবেশ করলেন। এক্ষেত্রে সেসময় মক্কার কুরাইশদেরকে অর্থনৈতিকভাবে কোনঠাসা করাটা তাঁর জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় ছিলো। মদীনার ভৌগোলিক অবস্থান ও কুরাইশদের বাণিজ্যপথ ছিলো এই সুবিধার মূল উৎস।
জন্মভূমি মক্কা থেকে উৎখাত হয়ে দ্বন্দ্বকবলিত বিশৃঙ্খল নগরী মদীনায় এসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার রাজনৈতিক সংহতি নির্মাণে সফল হোন। বিভিন্ন গোত্রকে চুক্তির অধীনে এনে তিনি সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। মূলত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন মদীনায় নিজেদের রাজনৈতিক ভিত শক্ত করার সমান্তরালে মক্কার কাফিরদের উপরও চাপ তৈরি করতে। তবে এক্ষেত্রে মদীনার আশপাশের গোত্রগুলোর সাথে দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা ছিলো। এমনটি হলে মদীনার মুসলমানদের শত্রুপক্ষ আরও বৃদ্ধি পাবে। এসব বিবেচনায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কূটনীতিক বুদ্ধিমত্তার মাধ্যমে মদীনার আশপাশে যেসব গোত্র-গোষ্ঠী চুক্তির বাইরে রয়ে গিয়েছিল, তাদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হোন যে মুসলমান–কুরাইশ সংঘাতে তারা নিরপেক্ষতা বজায় রাখবে। এই ধাপ শেষ হলে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির কুরাইশদের বিরুদ্ধে বেশ কয়েকটি আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেন। এগুলোর মধ্যে ওয়াদ্দান তথা আবওয়ার অভিযান, সানিয়াতুল মুরররার নিম্নভূমির অভিযান, হামযা (রা.) এর নেতৃত্বে সমুদ্র উপকূলের অভিযান, বুওয়াত অভিযান, উশাইরা অভিযান, সাফওয়ান অভিযান ইত্যাদি উল্লেখযোগ্য। বিশেষত সিরিয়া ও লোহিত সাগরের সাথে মক্কার বাণিজ্য পথে অভিযান পরিচালনা করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের উপর অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করতেন। এতে মক্কার অর্থনৈতিক-রাজনৈতিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এরকমই একটি অভিজান ছিলো বদর যুদ্ধের মূল প্রেক্ষাপট।
মক্কার কুরাইশদের একটি বৃহৎ বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। এ কাফেলার নেতৃত্বে ছিলো আবূ সুফইয়ান। মুসলিমরা এই কাফেলাকে আক্রমণের পরিকল্পনা নিয়ে অভিযানে অবতীর্ণ হলে এর ঘটনাপ্রবাহ দ্রুত সামরিক রূপ নেয়। কাফেলার নেতা আবূ সুফইয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে গোয়েন্দা তৎপরতা চালায়। বদরের নিকটবর্তী এলাকায় পৌঁছে সে পথ পরিবর্তন করে এবং উপকূলীয় রাস্তা ধরে কাফেলাকে সরিয়ে নেয়। একই সঙ্গে সে মক্কায় বার্তা পাঠায় যে, কাফেলা বিপদের মুখে পড়েছে এবং অবিলম্বে সামরিক সহায়তা প্রয়োজন। এ সংবাদে মক্কার কুরাইশরা প্রায় এক হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে। পরবর্তীতে আবূ সুফইয়ান নিশ্চিত হয় যে কাফেলা নিরাপদে সরে গেছে। সে কুরাইশ বাহিনীকে ফিরে যেতে বার্তা পাঠালেও আবূ জাহিল তা প্রত্যাখ্যান করে। তার জেদ ও মর্যাদা রক্ষার মনোভাব কুরাইশদের অগ্রসর হতে উদ্বুদ্ধ করে। ফলে কাফেলা রক্ষার উদ্দেশ্যে শুরু হওয়া অভিযাত্রা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।
মদীনা থেকে ৮০ মাইল দূরে বদর নামক প্রান্তরে ২য় হিজরঈর ১৭ রামাদানে সংঘটিত হয় এই যুদ্ধ। মাত্র ৩১৩ জন সাহাবী ও ৭০টি উটসহ স্বল্প রসদ ও সীমিত রণশক্তির বাহিনীর বিপরীতে কাফিরদের ১০০০ সৈন্যের বিশাল সুসজ্জিত ও বিরাট রসদ সম্বলিত বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। সংখ্যায় ও শক্তিতে মুসলমানরা ছিলেন স্বল্প, কিন্তু তাদের সাহস ও আত্মবিশ্বাস ছিলো তুঙ্গে। আল্লাহ তাঁর প্রিয় রাসূলের সাথে অঙ্গীকার করেছেন। সে অঙ্গীকার আল্লাহ বাস্তবায়ন করবেন। সুতরাং তাদের মধ্যে দুশ্চিন্তার লেশমাত্র ছিলো না। সেদিন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কান্না বিজড়িত হয়ে দুআয় লিপ্ত হয়েছিলেন। এ ব্যাপারে উমার ইবনুল খাত্তাব (রা.) হতে বর্ণিত হয়েছে—
বদরের যুদ্ধের দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন, দেখলেন যে, তারা সংখ্যায় এক হাজার ছিল। আর তাঁর সাহাবী ছিলেন তিনশ তের জন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, এরপর দুই হাত উঁচু করে আওয়াজ করে আল্লাহর কাছে দুআ করতে লাগলেন। “হে আল্লাহ! তুমি আমাকে যে ওয়াদা দিয়েছ আমার জন্য তা পূরণ করো। হে আল্লাহ! তুমি আমাকে যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছ, তা দাও। হে আল্লাহ! যদি মুসলিমদের এ ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দাও তবে পৃথিবীতে তোমার ইবাদাত করার মত আর কেউ থাকবে না”। তিনি এমনিভাবে দুই হাত উঁচু করে কিবলামুখী হয়ে রবের কাছে উচ্চস্বরে দুআ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাঁর কাঁধ থেকে চাদর পড়ে গেল। তখন আবূ বকর (রা.) কাছে এসে চাদরটি তাঁর কাঁধে পুনরায় তুলে দিলেন। তারপর পিছন দিক থেকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী! আপনার এতটুকু দুআই যথেষ্ট আপনার রবের কাছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন, তা অচিরেই পূর্ণ করবেন। (সহীহ মুসলিম, হাদীস নং: ৪৪৮০)
যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করেছেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনাপতি। সাধারণত সেনাপতির চেয়ে সাধারণ সেনারা বেশি পরিশ্রম করে থাকে; তারা সেনাপতিকে বিশ্রাম দিতে চায়। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কঠোর পরিশ্রম করার ফলে সেনারা আর কোনরূপ উদাসীনতার সুযোগ থাকেনি। তারা যুদ্ধকালীন মুহূর্তে সর্বদা কঠোর পরিশ্রমে নিয়োজিত ছিলেন; এর পেছনের উদ্দীপনা ছিলো সেনাপতির কর্তব্যনিষ্ঠা।
সে অসম যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফিরিশতাদের মাধ্যমে সাহায্য করেছিলেন। কুরআনে এসেছে– (স্মরণ করো) যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন— আমি তোমাদের সাহায্য করব পরপর আগত এক হাজার ফিরিশতা দ্বারা। (সূরা আল-আনফাল, আয়াত: ০৯)
অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন– নিশ্চয়ই আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তিন হাজার নাযিলকৃত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন? বরং, যদি তোমরা ধৈর্য ধারণ করো ও তাকওয়া অবলম্বন করো এবং তারা আকস্মিকভাবে তোমাদের ওপর আক্রমণ করে, তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফিরিশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। (সূরা আলে ইমরান, আয়াত: ১২৩-১২৫)
বদর যুদ্ধে কাফিরদের শোচনীয় পরাজয় ঘটে। ৭০ জন কাফির নিহত হয় এবং আরো ৭০ জনকে জীবিত বন্দি করা হয়। পক্ষান্তরে মুসলমানদের ১৪ জন শহীদ হন।
এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। এর ফলাফল ছিলো সুদূরপ্রসারী। সমগ্র আরবে মক্কার যে কর্তৃত্ব ও আধিপত্য ছিলো, সেটি এই যুদ্ধের মাধ্যমে নড়বড়ে হয়ে পড়ে। মক্কা থেকে বিতাড়িত হয়ে যারা মাত্র দুবছর আগে মদীনায় এসে আশ্রয় নিয়েছেন, তারাই আজ তাদেরই জন্মভূমির অধিবাসীদেরকে পরাজিত করে সমগ্র আরবে মদীনার আধিপত্যের জানান দিচ্ছেন। এই আধিপত্যের বেদিমূল তাওহীদ-রিসালাত; আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম।
সংখ্যাগত ও উপকরণগত দুর্বলতা সত্ত্বেও মুসলিম বাহিনীর বিজয়ের নেপথ্য কারণ হচ্ছে, আদর্শিক প্রণোদনা ও বিশ্বাসগত দৃঢ়তা। মুসলিম বাহিনীর যুদ্ধ-অংশগ্রহণ কেবল ভৌত স্বার্থরক্ষার প্রয়াস ছিলো না; বরং এটি ছিলো তাওহীদভিত্তিক এক নৈতিক বিশ্বদর্শনের প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিশ্বাসগত প্রতিশ্রুতি তাদের মধ্যে উচ্চমাত্রার মনোবল, আত্মত্যাগ ও শৃঙ্খলাবোধ সৃষ্টি করেছিল, যা প্রচলিত সামরিক মানদণ্ডে এটি পরিমাপযোগ্য নয়।

